আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের জবাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিপরীতে ইরান যে জবাব দিয়েছে, সেটিকে বাতিল করে দিয়েছেন। তিনি বলেন, এটি 'সম্পূর্ণ অগ্রহণযোগ্য'।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলছে, পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো তেহরানের প্রস্তাবে সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে আর হামলা না করার নিশ্চয়তা চাওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফেব্রুয়ারিতে যে যুদ্ধ শুরু করে, তা বন্ধে আলোচনার সুযোগ তৈরি করতে একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। মাঝে মধ্যে গোলাগুলির ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে যুদ্ধবিরতি বজায় রয়েছে।

এর আগে চলতি সপ্তাহে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের যুদ্ধ 'খুব দ্রুত শেষ হবে'। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পূর্ণ সরিয়ে না ফেলা পর্যন্ত যুদ্ধ শেষ হয়েছে বলা যাবে না। মার্কিন টেলিভিশন অনুষ্ঠান সিক্সটি মিনিটস-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এখনও এমন কিছু সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে, যেগুলো ভেঙে ফেলতে হবে।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তেহরানের প্রস্তাবের বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে তিনি বলেন, আমরা কখনো শত্রুর সামনে মাথা নত করব না। আলোচনা বা সংলাপের কথা উঠলেই তা আত্মসমর্পণ বা পিছু হটা বোঝায় না।

ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, আমি ইরানের তথাকথিত প্রতিনিধিদের জবাব পড়েছি। এটি আমার পছন্দ হয়নি-সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এক পাতার ১৪ দফা প্রস্তাবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত, নিষেধাজ্ঞা শিথিল এবং হরমুজ প্রণালিতে অবাধ জাহাজ চলাচল পুনরুদ্ধারের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে।

এদিকে ইরান এখনো হরমুজ প্রণালি অবরোধ করে রেখেছে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। অপরদিকে, তেহরানকে চাপ দিতে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি রেখেছে, যা ইরানকে ক্ষুব্ধ করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে ব্যাপক বিমান হামলা শুরু করে। এরপর গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হয়।

সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েলের সামরিক খাতে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনতে চাই। বর্তমানে যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে তিন দশমিক আট বিলিয়ন ডলার সহায়তা দেয়।

নেতানিয়াহু বলেন, এখনই শুরু করা উচিত এবং আগামী এক দশকে আমরা এই সহায়তা থেকে নিজেদের মুক্ত করব। ইরান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মেনে চলার বিষয়ে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে।

ইরানের সামরিক মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, তেহরানের সঙ্গে সমন্বয় না করে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। আকরামিনিয়া আরও বলেন, আমেরিকানদের তাদের নৌবহর দিয়ে উত্তর ভারত মহাসাগরের এই বিশাল অঞ্চল প্রকৃত অবরোধে আমরা পরিণত হতে দিতে পারব না।

তেহরান হরমুজ প্রণালির ওপর নিজেদের কার্যকর নিয়ন্ত্রণকে চলমান যুদ্ধে কৌশলগতভাবে ব্যবহার করছে। বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় পাঁচভাগের একভাগ সাধারণত এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাতে ইরান প্রণালিটি গুরুত্বপূর্ণ চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

ইরান এরই মধ্যে হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোকে সতর্ক করেছে এবং কয়েকটি ক্ষেত্রে হামলাও চালিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের সামরিক উপস্থিতি বজায় রেখেছে। কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ওমানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।

শনিবার নৌবাহিনী মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে। জাহাজটি হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌযান চলাচল সুরক্ষার মিশনে অংশ নিতে পারে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ এই নৌ-নিরাপত্তা উদ্যোগের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন। স্টারমার বলেছেন, ওই অঞ্চলে যুদ্ধ বন্ধ হওয়ার পরই কেবল এ মিশন বাস্তবায়ন করা হবে।

এর প্রতিক্রিয়ায় ইরান রোববার সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালিতে ফ্রান্স বা ব্রিটেন কোনো বাহিনী মোতায়েন করলে 'তাৎক্ষণিক ও কঠোর জবাব' দেওয়া হবে। তবে ম্যাখোঁ পরে বলেন, ফ্রান্স কখনো সরাসরি নৌ মোতায়েনের কথা ভাবেনি, বরং ইরানের সঙ্গে সমন্বয় করে একটি নিরাপত্তা মিশনের পরিকল্পনা করা হয়েছে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা