সারাদেশ

রাসেলের বিশাল ফলের বাগান, বাড়ছে দর্শনার্থী

শফিক স্বপন,মাদারীপুর

বিদেশে কর্মজীবন শেষে দেশে ফিরে কৃষিকে জীবিকার মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন মাদারীপুরের শিবচর উপজেলার রাসেল হোসেন। নিজের কিছু করার স্বপ্ন নিয়ে দুই বিঘা জমিতে ৫৫টি কমলাগাছ লাগিয়ে শুরু করেছিলেন বাগান। সময়ের সঙ্গে বেড়েছে তাঁর অভিজ্ঞতা, বিস্তৃত হয়েছে উদ্যোগ। বর্তমানে প্রায় ১০ বিঘা জমিতে গড়ে তুলেছেন বিভিন্ন জাতের ফলের বাগান। কমলার পাশাপাশি চাষ করছেন পেয়ারা, মাল্টা, আঙুর ও ড্রাগন ফল। গাছে গাছে ফলের সমারোহ দেখতে এখন প্রতিদিনই তাঁর বাগানে আসছেন বিভিন্ন এলাকার মানুষ।

রাসেল হোসেন শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের বাসিন্দা। প্রবাসের কর্মজীবন ছেড়ে দেশে ফিরে কৃষির প্রতি আগ্রহ থেকেই ফল চাষে যুক্ত হন তিনি। শুরুতে দুই বিঘা জমিতে কমলার বাগান গড়ে তুললেও পরবর্তী সময়ে বিভিন্ন জাতের ফলের চাষ যুক্ত করে বাড়াতে থাকেন বাগানের পরিধি। বর্তমানে তাঁর বাগান প্রায় ১০ বিঘা জমিতে বিস্তৃত।

সম্প্রতি সরেজমিনে বাগানে গিয়ে দেখা যায়, সবুজ পাতার ফাঁকে ফাঁকে গাছের ডালে ঝুলছে চায়না থ্রি জাতের কমলা। কোথাও ফল পেকে রং ধারণ করেছে, কোথাও আবার চলছে কমলা সংগ্রহের প্রস্তুতি। বাগানের বিভিন্ন অংশে রয়েছে পেয়ারা, মাল্টা, আঙুর ও ড্রাগন ফলের গাছ। বাগানের সৌন্দর্য দেখতে বিভিন্ন বয়সী মানুষের পাশাপাশি আসছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও। কেউ ঘুরে দেখছেন ফলের বাগান, কেউ গাছ থেকে সরাসরি কমলা পেড়ে খাচ্ছেন, আবার কেউ মুঠোফোনে ধারণ করছেন ছবি ও ভিডিও।

উদ্যোক্তা রাসেল হোসেন জানান, বর্তমানে তাঁর বাগানে প্রায় ৬০টি কমলাগাছ রয়েছে। গত দুই বছর ধরে এসব গাছে ফল আসছে। গত বছর থেকে বাণিজ্যিকভাবে কমলা বিক্রি শুরু করেছেন তিনি। গত বছরের তুলনায় চলতি মৌসুমে ফলনও ভালো হয়েছে। ইতিমধ্যে বাগানের ড্রাগন ও পেয়ারা বিক্রি শেষ করেছেন। বর্তমানে কমলার গাছে ফল পরিপক্ব হয়ে রং ধরেছে এবং কমলা সংগ্রহ ও বিক্রি শুরু হয়েছে।

রাসেল বলেন, ‘মহান আল্লাহ রিজিকে যা রেখেছেন, তা-ই পেয়েছি। গত বছরের তুলনায় এবার ফলন ভালো হয়েছে। তবে কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ পেলে আরও ভালো ফলন পাওয়া সম্ভব হতো। ভবিষ্যতে বাগানের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’

বাগানে দর্শনার্থীদের উপস্থিতি বাড়লেও তাঁদের প্রবেশ নিয়ে কিছুটা চিন্তিত রাসেল। তিনি জানান, প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী অনেক মানুষ বাগান দেখতে আসছেন। তবে সবাইকে অবাধে বাগানে প্রবেশের সুযোগ দিলে গাছের ডালপালা ও ফলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বাগানের সুরক্ষা বজায় রাখাও তাঁর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তরুণদের উদ্দেশে রাসেল বলেন, জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে যাওয়ার পরিবর্তে বেকার যুবকেরা কৃষি ও ফল চাষে মনোযোগ দিতে পারেন। পরিকল্পনা অনুযায়ী বাগান গড়ে তুলতে পারলে দেশেই ভালো আয় করার সুযোগ রয়েছে। কেউ ফলের বাগান করতে আগ্রহী হলে নিজের অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করতেও প্রস্তুত তিনি।

বাগান দেখতে আসা দর্শনার্থী জান্নাত ইসলাম বলেন, ‘আমাদের দেশেও যে কমলার বাগান হয়, তা আগে জানতাম না। বিশেষ করে শিবচরে এমন একটি বাগান দেখতে পাব, তা কল্পনাও করিনি। তাই নিজের হাতে গাছ থেকে কমলা পেড়ে কিছু কিনব। পাশাপাশি বাগানের সৌন্দর্য ও কমলা পাড়ার মুহূর্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কয়েকটি ভিডিও তৈরি করব।’

পরিবার নিয়ে বাগান দেখতে আসা রেজাউল করিম বলেন, ‘বাজারে কমলা কিনতে পাওয়া যায়। কিন্তু পরিবার নিয়ে বাগানে আসার উদ্দেশ্য একটু ভিন্ন। আমার ছেলে-মেয়েরা আগে কখনো কমলাগাছ দেখেনি, গাছে পাকা কমলা ঝুলে থাকতেও দেখেনি। এখানে এসে তারা খুবই উচ্ছ্বসিত। স্ত্রী ও সন্তানদের আনন্দ দেখে নিজেরও খুব ভালো লাগছে।’

স্থানীয় কৃষকদের মধ্যেও রাসেলের বাগান নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। কৃষিনির্ভর শিবচরে দীর্ঘদিন ধরে ধান, পাট, আখ, পেঁয়াজ, রসুন ও বাদামসহ বিভিন্ন ফসলের চাষ হয়ে আসছে। তবে বাণিজ্যিকভাবে বিদেশি ফলের বাগান গড়ে তোলার প্রবণতা তুলনামূলক কম। রাসেলের উদ্যোগ দেখে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকেরা তাঁর বাগানে আসছেন। তাঁরা ফল চাষের পদ্ধতি, পরিচর্যা ও সম্ভাবনা সম্পর্কে জানার চেষ্টা করছেন।

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলিমুজ্জামান খান বলেন, দেশে এ ধরনের ফলের বাগান সম্প্রসারণ করা গেলে বিদেশি ফলের ওপর আমদানিনির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। কৃষি বিভাগের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণকারী উদ্যোক্তাদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকবে।

বিদেশের কর্মজীবন ছেড়ে দেশে ফিরে কৃষিতে যুক্ত হওয়া রাসেলের উদ্যোগ এখন স্থানীয় মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। তাঁর বাগান শুধু ফল উৎপাদনের ক্ষেত্রেই নয়, নতুন কৃষি উদ্যোক্তা তৈরির সম্ভাবনাও দেখাচ্ছে। পরিকল্পিতভাবে ফলের চাষ সম্প্রসারণ করা গেলে স্থানীয় পর্যায়ে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশীয় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা