সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ২১ নভেম্বর একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে এই দিনেই সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণের সমন্বয়ে দখলদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত অভিযান শুরু করেছিলেন, যা স্বাধীনতা সংগ্রামকে নতুন গতি দিয়েছিল।
আজ শুক্রবার প্রকাশিত বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্ম ও বিকাশের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর অবদান গভীরভাবে জড়িয়ে আছে। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে বাহিনীটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনী জনগণের আকাঙ্ক্ষার পক্ষে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।
বাণীতে তিনি স্মরণ করেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সশস্ত্র বাহিনীর একজন কর্মকর্তা। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এটি একটি অনন্য ও গৌরবময় অধ্যায় বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা সর্বদা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের শৃঙ্খলা, পেশাদারিত্ব, সাহসিকতা এবং দেশপ্রেম বাহিনীটিকে জাতির অন্যতম আস্থার প্রতিষ্ঠানে পরিণত করেছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের সশস্ত্র বাহিনী সম্মানজনক অবস্থান তৈরি করেছে। বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তাদের দক্ষতা, সততা ও পেশাদারিত্ব বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছে। এর ফলে বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে এবং শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের মর্যাদা সুসংহত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, প্রাকৃতিক দুর্যোগ, মানবিক সংকট ও জাতীয় জরুরি পরিস্থিতিতেও সশস্ত্র বাহিনী বারবার জনগণের পাশে দাঁড়িয়েছে। দুর্যোগ মোকাবিলা, উদ্ধার তৎপরতা এবং সংকটকালীন সহায়তার মাধ্যমে বাহিনীটি মানুষের আস্থা অর্জন করেছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও পেশাদারিত্বের ভিত্তি আরও শক্তিশালী হয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরবর্তী সময়েও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে এবং বর্তমানে বাহিনীকে আধুনিক প্রযুক্তিনির্ভর, দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তুলতে নানা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
বাণীতে তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে দেশের স্বাধীনতা ও স্বার্থবিরোধী কিছু শক্তি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সমর্থনের কারণে বাহিনীটি সব বাধা অতিক্রম করে সাফল্যের পথেই এগিয়ে চলেছে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সাত বীরশ্রেষ্ঠসহ দেশের জন্য জীবন উৎসর্গকারী সব বীর সেনানীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বাণীর শেষাংশে তিনি সশস্ত্র বাহিনী দিবসের সব কর্মসূচির সফলতা কামনা করেন এবং বাহিনীর সদস্য ও তাদের পরিবারের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। প্রধানমন্ত্রী বলেন , দেশের অগ্রগতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক মর্যাদা রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান ভবিষ্যতেও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
সান নিউজ / রাজীব