রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের অভিযানে একটি ইটভাটার চিমনি ও স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। এতে প্রায় ২০০ পরিবারের কর্মসংস্থান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ভাটা মালিকের দাবি, প্রায় এক কোটি টাকা বিনিয়োগ করে গড়ে তোলা এই প্রতিষ্ঠানের সঙ্গে এলাকার অসংখ্য শ্রমিক, কর্মচারী ও দিনমজুরের জীবন-জীবিকা জড়িত ছিল। হঠাৎ ভাটা ভেঙে দেওয়ায় তাঁরা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটাটি পরিচালনার সঙ্গে বিপুলসংখ্যক শ্রমিক ও সাধারণ মানুষের কর্মসংস্থান জড়িত ছিল। ভাটা মালিকের দাবি, প্রতিবছর কাস্টমসসহ সংশ্লিষ্ট সরকারি খাতে তাঁরা বিপুল পরিমাণ শুল্ক ও রাজস্ব প্রদান করে আসছিলেন। কিন্তু পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার কারণে শেষ পর্যন্ত ভাটাটি ভেঙে দেওয়া হয়েছে।
এখানেই এলাকাবাসীর প্রশ্ন—যদি ইটভাটাটি পরিচালনার অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র না থাকে, তাহলে এতদিন ধরে প্রতিষ্ঠানটি কীভাবে পরিচালিত হলো? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কোথায় ছিল? আগে কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি? আর ভাটা বন্ধের অভিযানের আগে সংশ্লিষ্ট এলাকার গণমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিদের অবহিত করা হয়েছিল কি না, সে প্রশ্নও উঠেছে।
পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ইটভাটার পরিবেশগত ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থান রয়েছে। তবে পরিবেশ রক্ষা অবশ্যই জরুরি, একই সঙ্গে কর্মসংস্থান, বিনিয়োগ ও এলাকার অর্থনৈতিক বাস্তবতাও বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
ইট ছাড়া দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণকাজের বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। তাই পরিবেশবান্ধব প্রযুক্তি ও আইন মেনে ইট উৎপাদনের সুযোগ সৃষ্টি করা, প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়াই হতে পারে বাস্তবসম্মত সমাধান।
এলাকাবাসীর অভিযোগ, ইটভাটাগুলোর কার্যক্রম চলাকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়মিত যাতায়াত ও যোগাযোগ ছিল। তাহলে পরিবেশগত ছাড়পত্রের বিষয়টি আগে কেন নিষ্পত্তি করা হলো না? এ নিয়ে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে। কেউ কেউ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা এবং আর্থিক লেনদেনের বিষয়েও প্রশ্ন তুলছেন। তবে এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা জরুরি।
পীরগঞ্জের সাধারণ মানুষের প্রশ্ন, পরিবেশ রক্ষার দায়িত্ব যেমন সরকারের, তেমনি মানুষের কর্মসংস্থান ও জীবিকা রক্ষার দায়িত্বও কি রাষ্ট্রের নয়? প্রায় এক কোটি টাকার বিনিয়োগ এবং ২০০ পরিবারের জীবন-জীবিকার বিষয়টি কি একেবারেই বিবেচনার বাইরে থাকবে?
পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি, কী কারণে ভাটাটি ভেঙে দেওয়া হলো, এতদিন প্রতিষ্ঠানটি কীভাবে পরিচালিত হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা কী ছিল—এসব বিষয় জনসম্মুখে পরিষ্কার করা হোক। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে আইনসম্মত সমাধানের উদ্যোগ নেওয়া হোক।
পরিবেশ রক্ষা হোক, কিন্তু সেই সঙ্গে মানুষের রুটি-রুজির পথও বন্ধ হয়ে না যাক। পীরগঞ্জবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্পষ্ট জবাব চায়।
সাননিউজ/বান্না