কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। সংস্থাটির উদ্যোগে বুধবার (১৮ নভেম্বর) সকালে উলিপুরের ‘কে আর ট্রেডার্স’ প্রাঙ্গণে উপজেলার ৫টি ইউনিয়নের ৫০০টি অতিদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র কেনার জন্য ৩ হাজার টাকা করে ভাউচার বিতরণ করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ।
এ কর্মসূচির আওতায় হাতিয়া ইউনিয়নের ১১৫টি, বুড়াবুড়ি ইউনিয়নের ৯০টি, ধরনীবাড়ী ইউনিয়নের ৯৫টি, পাণ্ডুল ইউনিয়নের ৯০টি এবং দুর্গাপুর ইউনিয়নের ১১০টি পরিবারের মাঝে জনপ্রতি ৩ হাজার টাকা মূল্যের ভাউচার বিতরণ করা হয়েছে। এতে মোট ১৫ লাখ টাকার শীতবস্ত্র সহায়তা দেওয়া হয়। ভাউচারের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী শীতবস্ত্র কিনতে পারবেন। ফলে সহায়তা গ্রহণের ক্ষেত্রে তাদের নিজস্ব পছন্দ ও মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে এ. টি. এম. আরিফ বলেন, ‘শীতকালে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ বহুগুণে বেড়ে যায়। এ সময় তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। ইসলামিক রিলিফ বাংলাদেশের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সহায়তা শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, প্রকল্প ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম, সহকারী কর্মসূচি কর্মকর্তা তহুরা খাতুন তাকিয়া, বিশিষ্ট সমাজ সেবক এম, মতলেবুর রহমান মঞ্জু, (এমইএএল) সমন্বয়কারী রাকিবুল হাসান শুভ, সহকারী প্রকল্প কর্মকর্তা মো. হাবিবুর রহমান, মো. আব্দুস সালাম, মোঃ সানোয়ার হোসেন কমিউনিটি মোবিলাইজার। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি নেতৃবৃন্দ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভাউচার পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা। তারা জানান, শীতের শুরুতেই এ ধরনের সহায়তা পাওয়ায় পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র কেনা সহজ হবে। নিজেদের চাহিদা অনুযায়ী শীতবস্ত্র কেনার সুযোগ পাওয়ায় তারা বিশেষভাবে আনন্দিত।
উল্লেখ্য, ইসলামিক রিলিফ বাংলাদেশ দীর্ঘদিন ধরে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জীবিকা উন্নয়ন, শিশু অধিকার সুরক্ষা এবং বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে শীতবস্ত্র সহায়তা কর্মসূচি-২০২৬ বাস্তবায়ন করা হয়েছে।
সাননিউজ/বান্না