যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে মার্কিন তাজা আলু আমদানির ওপর আরোপিত ৭৬ বছরের পুরোনো নিষেধাজ্ঞা বাতিলের কথা বিবেচনা করছে জাপান।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ১৯৫০ সাল থেকেই জাপানি বাজারে তাজা মার্কিন আলু প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
যদিও ২০০৬ সালে কিছুটা নমনীয় হয়ে শুধুমাত্র চিপস প্রস্তুতকারকদের ব্যবহারের জন্য সীমিত পরিসরে মার্কিন আলু আমদানির অনুমতি দিয়েছিল টোকিও কর্তৃপক্ষ।
তবে বর্তমান মার্কিন প্রশাসনের জোরালো কূটনৈতিক ও রাজনৈতিক প্রভাবে এই নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে, যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে জাপানের কৃষি অঙ্গনে।
মার্কিন আলু আমদানির উদ্যোগকে ঘিরে দেশটির স্থানীয় কৃষকদের মাঝে তীব্র ক্ষোভ ও গভীর অনিশ্চয়তা বিরাজ করছে। বিশেষ করে জাপানের মোট আলু উৎপাদনের প্রায় ৮০ শতাংশই আসে হোক্কাইডো অঞ্চল থেকে।
সেখানকার প্রভাবশালী ‘জাপান অ্যাগ্রিকালচার গ্রুপ’-এর প্রতিনিধি তোশিহিদে নুমাসাওয়া এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে জানিয়েছেন, মার্কিন আলু আমদানির ফলে দেশটির উর্বর কৃষিজমিতে মারাত্মক ক্ষতিকর রোগ ও পোকা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
কৃষকদের সবচেয়ে বড় আতঙ্ক ‘পটেটো সিস্ট নেমাটোড’ নামক এক ধ্বংসাত্মক পরজীবী পোকা নিয়ে, যা একবার মাটির সংস্পর্শে আসলে দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে বেঁচে থাকতে সক্ষম।
হোক্কাইডোর চাষিদের আশঙ্কা, মার্কিন আলুর চালানের মাধ্যমে এই পোকা প্রবেশ করলে অন্তত এক দশক ওই অঞ্চলে কোনো ধরনের আলু চাষ করা সম্ভব হবে না, যা তাদের জীবিকা ও অস্তিত্বকে সরাসরি হুমকির মুখে ফেলবে।
মার্কিন নীতিপ্রণেতারা ও লবিস্টরা দাবি করে আসছেন যে, এই নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তুলে নেওয়া হলে একদিকে যেমন জাপানি ভোক্তারা আরও সাশ্রয়ী মূল্যে আলু কিনতে পারবেন, অন্যদিকে মার্কিন কৃষকরা বছরে অতিরিক্ত ১৫ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৮৫৯ কোটি ৭০ লাখ টাকা) বাণিজ্যের সুযোগ পাবেন।
চলতি বছরের শুরুর দিকে মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন আইনপ্রণেতা দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে চাপ সৃষ্টির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান।
তবে এই বহুল আলোচিত বাণিজ্য ইস্যুটি বর্তমানে জাপানের নতুন কৃষিমন্ত্রী আরতা তাকেবের জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে কৃষিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, মার্কিন পক্ষের প্রবল কূটনৈতিক প্রত্যাশা থাকা সত্ত্বেও দুই দেশের বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের মাঝে পুঙ্খানুপুঙ্খ এবং নিবিড় বৈজ্ঞানিক পর্যালোচনার পরেই কেবল এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
জাপানি কৃষি মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশটিতে ৯০টিরও বেশি ভিন্ন জাতের আলু উৎপাদিত হয় এবং ২০২৪ সালে দেশটির ভোক্তারা মোট ৩৫ লাখ টন আলু ব্যবহার করেছেন।
তাই মার্কিন চাপ আর স্থানীয় কৃষকদের সুরক্ষার এই টানাপোড়েনে চূড়ান্ত কোনো সুরাহা টানতে জাপানি নীতিনির্ধারকদের বেশ খানিকটা সময় প্রয়োজন হবে বলেই ধারণা করা হচ্ছে।
সান নিউজ / রাজীব