কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। এবার সেই সমালোচনাকে ব্যঙ্গ করে তৈরি একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তিনি। ভিডিওটিতে বিজয়ের আচরণের খুঁটিনাটি বিশ্লেষণ করে সমালোচনা করার প্রবণতাকে বিদ্রূপ করা হয়েছে।
বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। তবে এবার তাদের অভিনয় কিংবা সিনেমার বদলে ব্যক্তিগত সম্পর্ক ও পারস্পরিক আচরণ নিয়ে আলোচনা বেশি হচ্ছে। সম্প্রতি তাদের অভিনীত ‘রানাবালি’ সিনেমার প্রচারণায় দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়। পরে করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ তাদের উপস্থিতি সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করে।
গত এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ের আচরণকে ‘রেড ফ্ল্যাগ’ হিসেবে ব্যাখ্যা করে নানা মন্তব্য ও বিশ্লেষণ দেখা যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক আচরণের সতর্কসংকেত বোঝাতে ব্যবহৃত এই শব্দকে কেন্দ্র করেই চলছে আলোচনা। এবার সমালোচকদের সেই দৃষ্টিভঙ্গিকে ব্যঙ্গ করা একটি ভিডিও শেয়ার করে প্রতিক্রিয়া জানালেন অভিনেতা।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কনটেন্ট নির্মাতা অনিরুদ্ধ নারায়ণমের তৈরি ‘দোজ ইনস্টা সাইকোলজিস্টস অ্যানালাইজিং দ্য শো!’ শিরোনামের ভিডিওটি পুনরায় শেয়ার করেন বিজয়। ভিডিওটিতে এক নারীকে বিজয়ের আচরণের বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ করতে দেখা যায়।
বিজয় সোফার ডান পাশে বসেছেন কেন, তার পাশে কফির কাপ থাকলেও রাশমিকার পাশে কেন নেই—এমন ছোটখাটো বিষয়ও ভিডিওতে সমালোচনার উপাদান হয়ে ওঠে। এমনকি নির্দিষ্ট কিছু মুহূর্তে রাশমিকার দিকে বিজয়ের তাকানোর ধরন নিয়েও প্রশ্ন তোলা হয়।
ভিডিওতে ওই নারী বিজয়কে আত্মকেন্দ্রিক ও পুরুষতান্ত্রিক মনোভাবের অধিকারী হিসেবে তুলে ধরেন। পাশাপাশি ইনস্টাগ্রামে রাশমিকাকে অনুসরণ না করার বিষয়টিও সমালোচনার অংশ হিসেবে দেখানো হয়। এভাবেই ‘কফি উইথ করণ’ পর্বের পর বিজয়কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন মন্তব্যকে হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
ভিডিওটি শেয়ার করে হাসির ইমোজি দেন বিজয়। সঙ্গে লেখেন, ‘সাবটাইটেল দরকার। আঞ্চলিক ভাষায়।’ তাঁর এই প্রতিক্রিয়ার পর ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যেও আলোচনা শুরু হয়।
ভিডিওটির মন্তব্যের ঘরে অনেকেই নির্মাতার রসবোধের প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেন, ভিডিওটি মজার হলেও বিজয় ও রাশমিকার সম্পর্কের মধ্যে পারস্পরিক সহমর্মিতার বিষয়টি তিনি দেখতে পান। আরেকজনের মতে, পুরো বিতর্ক নিয়ে এটিই সবচেয়ে পরিণত উপস্থাপনাগুলোর একটি।
ভিডিও নির্মাতার পরনে থাকা লাল টি-শার্ট নিয়েও মজা করেছেন কেউ কেউ। তাঁদের মতে, ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কের সঙ্গে পোশাকটির রং যেন বাড়তি কৌতুক যোগ করেছে।
‘কফি উইথ করণ’-এ কী বলেছিলেন বিজয় ও রাশমিকা?
বিজয় ও রাশমিকাকে ঘিরে সাম্প্রতিক আলোচনার সূত্রপাত মূলত ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে তাদের দেওয়া বক্তব্য ও পারস্পরিক আচরণ থেকে। অনুষ্ঠানে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে বিজয় জানান, রাশমিকাই প্রথম তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে সম্পর্কের বিষয়ে নিশ্চিত হতে তাঁর কিছুটা সময় লেগেছিল। অভিনেতার ভাষ্য অনুযায়ী, সম্মতি দেওয়ার আগে প্রায় এক বছর ধরে রাশমিকাকে একই প্রস্তাব প্রায় ১০০ বার দিতে হয়েছিল।
অনুষ্ঠানে রাশমিকার আঙুলে থাকা একটি আংটি নিয়েও কথা বলেন বিজয়। সেটিকে বাগদানের আংটি ভেবে ভুল করায় তিনি বিব্রত হয়েছিলেন বলে জানান। রাশমিকার আঙুলে থাকা একাধিক আংটি দেখিয়ে নিজের পছন্দের ধরন সম্পর্কেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া বিয়ের আগের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এক হাঁটু গেড়ে রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেননি বলেও জানান বিজয়। তাঁদের এসব বক্তব্য ও অনুষ্ঠানে পারস্পরিক আচরণ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ব্যাখ্যা ও সমালোচনা শুরু হয়।
সেই বিতর্কের মধ্যেই সমালোচনাকে ব্যঙ্গ করে তৈরি ভিডিওটি শেয়ার করলেন বিজয়। তাঁর হাসির ইমোজি ও ‘আঞ্চলিক ভাষায়’ সাবটাইটেল চাওয়ার মন্তব্যকে ঘিরেও এখন চলছে আলোচনা।
সান নিউজ/ রাব্বি