সাম্প্রতিক সময়ের হতাশাজনক পারফরম্যান্সের প্রভাব পড়েছে পাকিস্তান নারী ক্রিকেট দলের ওপর। দলের ফলাফলে অসন্তুষ্ট হয়ে কেন্দ্রীয় চুক্তির কাঠামোয় বড় পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন ঘোষিত চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে, যা দেশটির নারী ক্রিকেটে নতুন আলোচনা তৈরি করেছে।
শুক্রবার প্রকাশিত কেন্দ্রীয় চুক্তির তালিকায় দেখা যায়, গত মৌসুমে যেখানে ২০ জন ক্রিকেটার চুক্তির আওতায় ছিলেন, সেখানে এবার মাত্র ৮ জন জায়গা ধরে রাখতে পেরেছেন। নতুন চুক্তি আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকবে।
পিসিবি এবার তিনটি ক্যাটাগরিতে ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করেছে। সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে জায়গা ধরে রেখেছেন জাতীয় দলের অধিনায়ক ফতিমা সানা এবং স্পিনার সাদিয়া ইকবাল। বোর্ডের মূল্যায়নে এই দুই ক্রিকেটার বর্তমানে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচিত হয়েছেন।
‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে মুনিবা আলি সিদ্দিকি, নাশরা সান্ধু ও সিদরা আমিনকে। অন্যদিকে ‘সি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন আয়েশা জাফর, গুল ফিরোজা ও সাদাফ শামাস।
নতুন চুক্তির সবচেয়ে বড় পরিবর্তন হলো দুটি বিভাগ পুরোপুরি বাতিল করে দেওয়া। আগে চালু থাকা ‘ডি’ এবং ‘ই’ ক্যাটাগরি আর রাখা হয়নি। বিশেষ করে উদীয়মান নারী ক্রিকেটারদের বিকাশের লক্ষ্য নিয়ে ‘ই’ ক্যাটাগরি চালু করা হয়েছিল। তবে এবার সেই পরিকল্পনা থেকে সরে এসেছে বোর্ড।
ফলে গত মৌসুমে চুক্তিবদ্ধ থাকা বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার নতুন তালিকা থেকে বাদ পড়েছেন। এর মধ্যে ইমান ফতিমা ও শাওয়াল জুলফিকারের নাম উল্লেখযোগ্য। তরুণদের পাশাপাশি অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটারও চুক্তি হারিয়েছেন।
কেন্দ্রীয় চুক্তির বাইরে রাখা হয়েছে আলিয়া রিয়াজ, ডায়না বেইগ, রামিন শামিম, নাজিহা আলভি, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, সিদরা নওয়াজ, আরুব শাহ, তুবা হাসান, উম্মে-হানি এবং ওয়াহিদা আখতারকে। জাতীয় দলের হয়ে নিয়মিত খেলা কয়েকজনের বাদ পড়া পিসিবির কঠোর অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক পারফরম্যান্স, ধারাবাহিকতা ও শারীরিক সক্ষমতার মূল্যায়নের ভিত্তিতেই নতুন তালিকা তৈরি করা হয়েছে। নারী ক্রিকেটারদের ক্ষেত্রে এখনো পুরুষ দলের মতো ফরম্যাটভিত্তিক আলাদা চুক্তি কাঠামো চালু করা হয়নি। ফলে সব ধরনের ক্রিকেটে সামগ্রিক অবদান বিবেচনা করেই এই মূল্যায়ন করা হয়েছে।
দলের সাম্প্রতিক ব্যর্থতা সত্ত্বেও অধিনায়ক ফতিমা সানার সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা বোর্ডের আস্থারই প্রতিফলন। তবে কেন্দ্রীয় চুক্তিতে এত বড় কাটছাঁট পাকিস্তান নারী ক্রিকেটে নতুন চাপ ও প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে বলেই ধারণা করা হচ্ছে।
সান নিউজ / রাজীব