‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বোঁচাগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা সমবায় কার্যালয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১০টা ২০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসান।
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুজ্জামান, সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নওশাদ আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন জামাল এবং বিশিষ্ট সমবায়ী, উত্তরা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রধান নির্বাহী ও কাল্বের সাবেক পরিচালক মো. মাহবুবুর রহমান। আলোচনা সভাটি সঞ্চালনা করেন মো. ফারুক হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কাল্বের সাবেক সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান, বিশিষ্ট সমবায়ী বিশ্বনাথ চক্রবর্তী, রত্না চক্রবর্তী, সেতাবগঞ্জ মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি নার্গিস আক্তার, সাধারণ সম্পাদক শামসুন্নাহার কামনা, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সমবায়ীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। একই সঙ্গে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সমবায় কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।
সাননিউজ/বান্না