গণসংগঠনগুলোকে আরও জনবান্ধব ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে দিনাজপুরের বোঁচাগঞ্জে বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার বকুলতলাস্থ ইশানিয়া ইউনিয়ন ফেডারেশনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দিনাজপুর জেলার অন্তত ১০টি ফেডারেশনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় নিজ নিজ সংগঠনের সক্ষমতা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়। পাশাপাশি সংগঠনগুলোর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।
ইশানিয়া ইউনিয়ন ফেডারেশনের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বোচাগঞ্জের আটগাঁও ইউনিয়ন ফেডারেশনের সভাপতি মো. মমিনুল হক, রনগাঁও ফেডারেশনের সভাপতি মো. আজহারুল ইসলাম ও অর্থ সম্পাদক করিমুল ইসলাম, নাফানগর ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজেদুর রহমান পাপ্পু, মুশিদহাট ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়ন ফেডারেশনের সভাপতি স্বস্তিকা রায়, বীরগঞ্জের মোহনপুর ফেডারেশনের সভাপতি প্রণতি মুর্মু, পাল্টাপুর ফেডারেশনের সভাপতি গীতা রাণী, সুজালপুর ফেডারেশনের সভাপতি মোছা. তহমিনা বেগম, দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়ন ফেডারেশনের সভাপতি রেণু শর্মা এবং ইশানিয়া ফেডারেশনের কার্যকরী সদস্য আনারুল সরকার ও আব্দুর রশীদ।
সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেডারেশনগুলোকে আরও জনসম্পৃক্ত ও জনবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন আরডিআরএস বাংলাদেশের টিম লিডার-সোশ্যাল ডেভেলপমেন্ট খ. ম. রাশেদুল আরেফিন এবং প্রকল্প সমন্বয়কারী মো. মতিউর রহমান।
সমন্বয় সভাটি সঞ্চালনা করেন আরডিআরএস বাংলাদেশের দিনাজপুর জেলার সিবিও পার্টনারশিপ ম্যানেজার মোহাম্মদ জিল্লুর রহমান।
সাননিউজ/বান্না