মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা এ মামলায় তাঁকে প্রধান আসামি করা হয়েছে।
গত রোববার (১৫ নভেম্বর) রাতে কুলাউড়া থানায় মামলাটি দায়ের করেন উপজেলা বিএনপি'র নেতা মইনুল হক বকুল। মামলায় এম এম শাহীন ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩/৪২৭/৪৩৬/৩৮০/১০৯ ধারা যুক্ত করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান। তিনি বলেন, ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। এ মামলায় এম এম শাহীনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
বিএনপির দুইবারের সাবেক সংসদ সদস্য (১৯৯৬ ও ২০০১) এম এম শাহীন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানা পত্রিকার সম্পাদক। একসময়ের জাসদ ছাত্রলীগের কর্মী শাহীন ১৯৯৩ সালে দেশে ফিরে বিএনপিতে যোগদেন। তিনি কেন্দ্রীয় যুবদলের কুটির ও শিল্প বিষয়ক সম্পাদক, কুলাউড়া উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপি'র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি'র ধানের শীষ প্রতীক নিয়ে তিনি প্রথম এমপি নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালের জাতীয় নির্বাচনে জোট থেকে মৌলভীবাজার-২ আসন জামায়াতকে ছেড়ে দেওয়া হলে তৎকালীন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এম শাহীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেবার ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও জামায়াতের ডা. শফিকুর রহমানকে পরাজিত করে এমপি নির্বাচিত হয়ে দেশজুড়ে আলোচনায় আসেন তিনি।
কুলাউড়ার সাবেক ছাত্রদল নেতা মরহুম আজমল আলী শামীম হত্যা মামলায় নিজের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। নিহত আজমল আলী শামীমের স্ত্রী রুনা বেগম বাদী হয়ে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় নিজের ফেসবুক স্ট্যাটাসে ‘মারহাবা! এবার দ্বিতীয় মামলা!!’ শিরোনামে নিজের বক্তব্য তুলে ধরেছেন সাবেক এই সংসদ সদস্য।
তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর জুড়ী থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছিল, যার নম্বর ০২/২০১৮। তখনো আমি বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে আন্দোলন-সংগ্রামের সামনের সারিতে সক্রিয় ছিলাম। এমন একটি মর্মান্তিক মৃত্যুর ঘটনায় যথাযথ মামলা দায়েরের জন্য আমি নিজেও তাঁর বাবা-মা ও বোনদের বারবার অনুরোধ করেছিলাম। কিন্তু তাঁরা তখন মামলা করতে রাজি হননি। অথচ দীর্ঘ আট বছর পর এখন অভিযোগ করা হচ্ছে, আমি নাকি নৌকার প্রার্থী ছিলাম এবং আমার ক্ষমতার দাপটের কারণে তাঁরা তৎকালীন সময়ে মামলা করতে পারেননি! কী বিস্ময়কর অভিযোগ! ইতিহাস ও বাস্তবতাকে কতটা বিকৃত করলে এমন দাবি করা সম্ভব! আমি জানি ‘কর্তার হুকুমে কর্ম!’ দীর্ঘ আট বছর পর আমার বিরুদ্ধে এবার দ্বিতীয় মামলা! ‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে।’ সত্যিই বিচিত্র আমার দেশের রাজনীতি!! ‘
২০০৭ সালের নির্বাচনে বিএনপি তাকে মনোনয়ন দিলে তিনি একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কিন্তু সেই নির্বাচন স্থগিত হয়ে ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হয়। পরে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) গঠন করেন বিএনপি'র সাবেক নেতা ফেরদৌস আহমেদ কোরেশী। সেই দলের সভা-সমাবেশ করে ফের আলোচনায় আসেন এম এম শাহীন। ফলে বিএনপি থেকে বাদ পড়েন তিনি। পরে ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। পরবর্তী সময়ে ২০১৮ সালে বিকল্পধারার প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন শাহীন। তিনি আলোচনায় থাকতেন কারণ সময়ের পরিবর্তনের সাথে সাথে দল বলল ও ছিল এর মূল কারণ।
সাননিউজ/বান্না