সারাদেশ

সাভার-আশুলিয়ায় ২৪ ঘন্টায় চার বাসে আগুন, ৬জন আটক

সাভার (ঢাকা) প্রতিনিধি

রাজধানী লাগুয়া সাভার ও আশুলিয়ায় একের পর এক পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার পর শনিবার ভোরে সাভার ও আশুলিয়ার পৃথক তিনটি স্থানে আরও তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

এর আগে শুক্রবার রাতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে মশাল মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এসময় মিছিলে ব্যবহারের জন্য প্রস্তুত ১৫টি মশাল, ব্যানার, হাতুড়ি, করাত, জিআই তারসহ একটি হানিফ পরিবহনের বাস জব্দ করা হয়েছে। সব মিলিয়ে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় নাশকতার আশঙ্কা ও রাজনৈতিক উত্তেজনা নতুন করে জোরালো হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪ টার দিকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী লেনে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়। একই সময়ে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়িতে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা আরও দুটি বাসে আগুন দেওয়া হয়। এর মধ্যে একটি আলিফ পরিবহনের বাস।

খবর পেয়ে সাভার ও আশুলিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে আশুলিয়ার দুটি বাসের অধিকাংশ অংশ পুড়ে যায়। ব্যাংক টাউনের বাসটির ভেতরের ডেকোরেশন ও কিছু মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসগুলো পার্কিং করা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ব্যাংক টাউন এলাকায় বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসগুলোতে দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। পাশাপাশি এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোড়পুল এলাকায় আরিচাগামী লেনে পার্কিং করে রাখা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসটির ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের জড়িত থাকার কথা জানিয়ে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে শুক্রবার রাতে সাভারে মশাল মিছিল ও বাসে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটে। রাত সাড়ে ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এসময় মিছিলে ব্যবহারের জন্য প্রস্তুত ১৫টি মশাল, ব্যানার, হাতুড়ি, করাত, জিআই তারসহ একটি হানিফ পরিবহনের বাস জব্দ করা হয়েছে। বাসটি প্রকৃতপক্ষে আটক ব্যক্তিদের একজনের বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মশাল মিছিল এবং বাসে আগুন দেওয়ার প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা বাস নিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে রাজফুলবাড়িয়া এলাকায় তাদের আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে শুক্রবার রাতের ঘটনার আগে-পরে বাসে অগ্নিসংযোগের ধারাবাহিকতা এবং মশাল মিছিলের প্রস্তুতি ঘিরে নাশকতার পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার কথা তাঁর মুখপাত্র আন্তর্জাতিক গণমাধ্যমে জানানোর পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ঘিরেও বাড়ছে আলোচনা।

তবে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি ফিরতে চাইলে ভারত থেকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই ফিরতে হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীও ডিসেম্বর মাসে তাঁর ফেরার সম্ভাবনা নাকচ করেছেন। ফলে তাঁর ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা রয়েছে ।

সংশ্লিষ্টদের মতে, শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ মহাসড়ক ঘেঁষা সাভার-আশুলিয়ায় একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনা জননিরাপত্তা ও পরিবহন চলাচলের জন্য উদ্বেগজনক। রাজনৈতিক কর্মসূচির আড়ালে কেউ নাশকতা চালাচ্ছে কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি এসব ঘটনার পেছনে জড়িতদের দ্রুত শনাক্ত করার দাবি উঠেছে। নাশকতা ঠেকাতে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। নিরাপত্তা জোরদারে সাভার-আশুলিয়া এলাকায় বিজিবিও মোতায়েন রয়েছে।


সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

তেল স্থাপনায় হামলার জেরে ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত ১১

ইয়েমেনে আবারও তীব্র হয়েছে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের সংঘাত। সৌদি আরবের একটি...

সাভার-আশুলিয়ায় ২৪ ঘন্টায় চার বাসে আগুন, ৬জন আটক

রাজধানী লাগুয়া সাভার ও আশুলিয়ায় একের পর এক পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটন...

চার ম্যাচে শিকার ২৭ উইকেট, জবাব দিয়েছেন শাহিন আফ্রিদি

টেস্ট ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তি থেকে ছিটকে যাওয়ার ক্ষত যেন লাল বলের ক্রিকে...

মাদারীপুরে শতায়ু ব্যায়াম সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‘সুস্থ দেহে সুন্দর মন’-এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে আনন্দ শোভাযাত্র...

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন মন্ত্রী

ভূমি ব্যবস্থাপনার দীর্ঘদিনের জটিলতা, অনিয়ম ও হয়রানি দূর করতে আধুনিক প্রযুক্তি...

সেমিফাইনালেই থামল বাংলাদেশ ‘এ’ দলের ফাইনাল স্বপ্ন

শাহাদাত হোসেনের দৃঢ়তায় গড়া দারুণ এক শতকের পরও এশিয়া কাপ রাইজিং স্টার্সের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা