দিনাজপুরের ফুলবাড়ী অঞ্চলে জীবন জীবিকা, পরিবেশ, আবাসি জমি ও নিজ বাসভবন ধ্বংস করে কয়লা খনি করতে দেওয়া হবে না। প্রয়োজনে আবারও ২৬ আগস্ট গড়ে তুলতে হবে।
শনিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম রুমে ‘ফুলবাড়ী গণঅভ্যুত্থানের ২০ বছর ও জাতীয় স্বার্থ: বর্তমান পরিস্থিতি ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ-লেখক-গবেষক অধ্যাপক আনু মুহাম্মদ।
তিনি বলেন, সরকার আবারও ফুলবাড়ী কয়লাখনি উন্মুক্ত করতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে। এই খনি বাস্তবায়িত হলে এই এলাকার মানুষ বাড়ী ঘর হারাবে, হারাবে আবাদি জমি ও বাব দাদার জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ গির্জাসহ প্রাণ প্রকৃতি ধ্বংস হয়ে যাবে। এশিয়া এনার্জি আবারও উন্মুক্ত কয়লাখনি করার জন্য কিছু দালাল তৈরি করে তাদের মাধ্যমে এই এলাকায় আবারও তৎপর চালাচ্ছে খনি বাস্তবায়নের জন্য। এদেরকে চিহ্নিত করতে হবে। ৬ দফা চুক্তি ও খনি আন্দোলনের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে গণ আন্দোলন গড়ে তুলা হবে। এই ফুলবাড়ীতে ২০০৬ সালে ২৬ শে আগস্ট আর যেন না হয় সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যাপক এম এম আকাশ, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ডা. তানজীম উদ্দিন খান, প্রকৌশলী মাহবুব সুমন, ডা. মাহা মির্জা, এস.এম নুরুজ্জামান আব্দুল্ল্যাহ।আলোচনা সভার সঞ্চলনায় ছিলেন জয়প্রকাশ গুপ্ত। এই সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ, পাবর্তীপুর উপজেলার সংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।
সাননিউজ/বান্না