২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় বিদেশের কেন্দ্রগুলোতে পাসের হার ৯০.৮৭ শতাংশ। এসব কেন্দ্রে মোট ২৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২০৯ জন এবং অকৃতকার্য হয়েছেন ২১ জন।
শনিবার (৩১ অক্টোবর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর বিদেশের আটটি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে একটি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। তবে কোনো প্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য হওয়ার ঘটনা ঘটেনি। এ ছাড়া বিদেশের কেন্দ্রগুলোতে এবার কোনো পরীক্ষার্থী বহিষ্কারের শিকার হননি।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়।
এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। তবে পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ফলাফল সংগ্রহ করতে হবে নির্ধারিত দুটি ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট দুটি হলো: https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd। ফলাফল ডাউনলোডের জন্য ওয়েবসাইটের ‘Result’ অপশনে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে প্রতিষ্ঠানের EIIN নম্বর দিতে হবে।
অন্যদিকে, পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি শিক্ষা বোর্ডের নির্ধারিত দুটি কেন্দ্রীয় ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে।
সান নিউজ/ রাব্বি