বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য যেকোনো আসামি বিদেশে পালিয়ে থাকলে তাদের ব্যাপারে বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, শেখ হাসিনার ব্যাপারেও একই অবস্থান।
শেখ হাসিনাকে দেশে ফেরাতে বিমান পাঠানোর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, রয়টার্সের তো বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই। এখন কে কোথা থেকে লুকিয়ে কী বলছে, সেটা নিয়ে আলোচনা করে গণমাধ্যম, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সময় নষ্ট হচ্ছে।
বিএনপির সাবেক মহাসচিব ও মন্ত্রী মরহুম কে এম ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়েদ বলেন, আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও একই উত্তর দেব। শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা দেশে এলে তাদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। তাদের জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্লেন পাঠানোর, হেলিকপ্টার পাঠানোর, বাস পাঠানোর, গাড়ি পাঠানোর কিংবা রিকশা পাঠানোর কোনো কথাই কারও সঙ্গে বাংলাদেশ সরকারের হয়নি।
সাননিউজ/বান্না