জাতীয়

শেখ হাসিনার সময়ে গুম-খুন, অপরাধী শনাক্তে দেশজুড়ে হবে গণশুনানি

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাচ্যুত, ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশে সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার, রাজনৈতিক নির্যাতন এবং অন্যান্য মানবতাবিরোধী অপরাধের ঘটনা চিহ্নিত করতে দেশব্যাপী গণশুনানি ও তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হবে। তদন্তে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেলে এবং আইনগত ভিত্তি থাকলে প্রয়োজনে গ্রেপ্তারের ব্যবস্থাও নেয়া হবে।

বুধবার (২৫ নভেম্বর) নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রকৃত চিত্র তুলে আনতে দেশজুড়ে একটি বিস্তৃত সার্ভে পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মাধ্যমে এতদিন প্রকাশ্যে না আসা অপরাধের ঘটনা, ভুক্তভোগীদের বক্তব্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে।

চিফ প্রসিকিউটর জানান, এই কার্যক্রমে দেশের সব রাজনৈতিক দলকে সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের শাসনামলে নির্যাতনের শিকার রাজনৈতিক দল ও সংগঠন, আহত ব্যক্তি, নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছ থেকে সরাসরি তথ্য নেয়া হবে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়, বিভিন্ন রাজনৈতিক দল এবং ভুক্তভোগী পরিবারের কাছে চিঠি পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। সরকারের পক্ষ থেকেও এ কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রতি সপ্তাহে দেশের কোনো একটি জেলায় গণশুনানির আয়োজন করা হবে। সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি বিশেষ গুরুত্ব দেয়া হবে নির্যাতিত রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী, সরাসরি নির্যাতনের শিকার ব্যক্তি এবং নিহত ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের অংশগ্রহণের ওপর। ভুক্তভোগীরা যেন তাদের ওপর ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত তুলে ধরতে পারেন, সে অনুযায়ী তথ্য সংগ্রহ ও বক্তব্য গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, গণশুনানিতে শুধু মৌখিক অভিযোগ গ্রহণের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। কোনো ঘটনার বিষয়ে আগে থেকেই মামলা হয়ে থাকলে সংশ্লিষ্ট মামলার এজাহার, চার্জশিট, তদন্ত প্রতিবেদন, আদালতের নথিপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় দলিল পর্যালোচনা করা হবে। যেসব ঘটনায় এখনো মামলা হয়নি, সেসব ঘটনার ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের শনাক্ত করে তাদের বক্তব্য, সাক্ষ্য এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে অপ্রকাশিত থাকা অপরাধের ঘটনাগুলোও তদন্তের আওতায় আনার চেষ্টা করা হবে।

সংগৃহীত তথ্য ও প্রমাণ প্রাথমিকভাবে যাচাই-বাছাইয়ের পর কোনো ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ারভুক্ত বলে প্রতীয়মান হলে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে যথাযথ তদন্তের ব্যবস্থা করা হবে। তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিচারের উদ্যোগ নেয়া হবে। চিফ প্রসিকিউটর বলেন, এ কার্যক্রমে প্রসিকিউশন টিমের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি তদন্ত সংস্থার সমন্বয়কের নেতৃত্বাধীন তদন্ত দলও যৌথভাবে কাজ করবে। গণশুনানি আয়োজন, তথ্য সংগ্রহ, প্রাথমিক যাচাই-বাছাই এবং পরবর্তী তদন্ত কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত হবে।

এ উদ্যোগ বাস্তবায়নের জন্য ইতোমধ্যে স্বরাষ্ট্রসচিব, আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পুলিশের মহাপরিদর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়কসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি দেশের সব রাজনৈতিক দলের সভাপতি, মহাসচিব ও আহ্বায়কদেরও কার্যক্রম সম্পর্কে অবহিত করা হচ্ছে।

প্রাথমিকভাবে যশোর জেলা থেকে গণশুনানি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। সে অনুযায়ী ২৬ নভেম্বর যশোরে একটি কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। তবে ২৮ নভেম্বর সেখানে জেলা নির্বাচনসংক্রান্ত কার্যক্রম থাকায় নির্ধারিত কর্মসূচির তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে যশোর অথবা অন্য কোনো জেলায় আগামী সপ্তাহ থেকে গণশুনানি শুরু করা হবে। এরপর ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে দেশের একটি করে জেলায় এ কার্যক্রম পরিচালনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গুমসংক্রান্ত অপরাধের তদন্তের বিষয়েও বিস্তারিত তুলে ধরে চিফ প্রসিকিউটর জানান, এ-সংক্রান্ত বিভিন্ন মামলার শুনানি ইতোমধ্যে চলমান রয়েছে এবং বুধবারও এসব মামলার শুনানি অব্যাহত থাকার কথা রয়েছে। গুমের অপরাধসংক্রান্ত একটি আইন ইতোমধ্যে পাস হয়েছে। ওই আইনের আওতায় ব্যাপক ও পদ্ধতিগতভাবে সংঘটিত গুমের অপরাধগুলো বিচারের জন্য বিবেচনা করা হবে।

তিনি বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলী, সুমনসহ বিভিন্ন ব্যক্তির গুমসংক্রান্ত মামলার তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ করে প্রায় ২৮০ জন নিখোঁজ ব্যক্তির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। তারা জীবিত আছেন কি না, তাদের সঙ্গে কী ঘটেছে এবং তাদের নিখোঁজ হওয়ার পেছনে কারা জড়িত, তা উদ্ঘাটনে গুমের ঘটনাগুলো সমন্বিতভাবে তদন্ত করা হচ্ছে।

এই তদন্তের পরিধি অত্যন্ত বিস্তৃত উল্লেখ করে তিনি বলেন, শত শত ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ, তাদের সাক্ষ্যগ্রহণ, প্রয়োজনীয় আলামত সংগ্রহ এবং সংগৃহীত তথ্য-উপাত্ত যাচাইয়ের কাজ চলছে। এসব কার্যক্রম সম্পন্ন করে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল এবং সংশ্লিষ্ট অপরাধের বিচারের ব্যবস্থা করার প্রত্যাশা করছে প্রসিকিউশন।

চিফ প্রসিকিউটর আরও জানান, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশে সংঘটিত গুম, এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অসংখ্য অভিযোগ ও মামলা রয়েছে। তবে অনেক ভুক্তভোগী পরিবার এখনো কোনো মামলা করেনি। ভয়, নিরাপত্তাহীনতা এবং বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে অনেক পরিবার এতদিন তাদের ওপর ঘটে যাওয়া নির্যাতনের কথা প্রকাশ করতে পারেনি। আবার কিছু অভিযুক্ত ব্যক্তি এখনো প্রকাশ্যে চলাফেরা করছেন বলে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে।

দেশব্যাপী গণশুনানির অন্যতম উদ্দেশ্য হলো, এসব অপ্রকাশিত ঘটনা সামনে নিয়ে আসা এবং ভুক্তভোগী পরিবারগুলোকে তাদের বক্তব্য ও সাক্ষ্য তুলে ধরার সুযোগ দেয়া। একই সঙ্গে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পথ তৈরি করা হবে। কোনো অপরাধে জড়িত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা গেলেও গ্রেপ্তারের ক্ষেত্রে আইন ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানান তিনি।

৫ আগস্টের পর অভিযুক্ত অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেয়া কিংবা দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগের বিষয়টিও প্রসিকিউশনের বিবেচনায় রয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, কোনো ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠান অপরাধীকে আশ্রয় দিলে কিংবা অপরাধের দায় থেকে তাকে রক্ষা করার উদ্দেশ্যে সহযোগিতা করলে প্রচলিত দণ্ডবিধি অনুযায়ী সেটিও পৃথক অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তবে এ ধরনের অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ারভুক্ত কি না, তা সংশ্লিষ্ট আইন ও প্রমাণ পর্যালোচনার মাধ্যমে নির্ধারণ করতে হবে।

এ ক্ষেত্রে অভিযুক্ত অপরাধীকে আশ্রয় দেয়ার পেছনে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভূমিকা, উদ্দেশ্য এবং অপরাধের সঙ্গে তাদের সম্পৃক্ততা তদন্ত করে দেখা হবে। প্রমাণের ভিত্তিতে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে পৃথক বিচারিক ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন চিফ প্রসিকিউটর।

আয়নাঘর ও অন্যান্য গোপন বন্দিশালার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, আয়নাঘর প্রতিষ্ঠা, পরিচালনা কিংবা সেখানে কাউকে বেআইনিভাবে বন্দি রাখার সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের ভূমিকা তদন্তের আওতায় আনা হবে। এসব গোপন বন্দিশালা প্রতিষ্ঠা ও পরিচালনার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়ে থাকলে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণে প্রয়োজনীয় তদন্ত করা হবে।

এ প্রসঙ্গে টিএফআই সেল, জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার এবং এ ধরনের অন্যান্য স্থানে সংঘটিত কর্মকাণ্ডের বিভিন্ন আলামত ও তথ্য তদন্তে উঠে আসার বিষয়টিও তুলে ধরেন তিনি। কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটকে রাখার উদ্দেশ্যে আয়নাঘর বা অন্য কোনো গোপন বন্দিশালা প্রতিষ্ঠা, পরিচালনা কিংবা ব্যবহারের সঙ্গে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সেটিও মানবতাবিরোধী অপরাধের তদন্তের অংশ হিসেবে বিবেচিত হবে বলেও জানান তিনি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

ঝালকাঠিতে আইনশৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে বিশেষ সভা

ঝালকাঠি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,...

শেখ হাসিনার সময়ে গুম-খুন, অপরাধী শনাক্তে দেশজুড়ে হবে গণশুনানি

ক্ষমতাচ্যুত, ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও...

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ফের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা