ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির এক ভয়াবহ চিত্র সামনে এসেছে। নতুন এক অনুসন্ধানী বিশ্লেষণে দাবি করা হয়েছে, এই যুদ্ধে রাশিয়ার সাত লাখেরও বেশি সেনা প্রাণ হারিয়েছেন—যা আগের সব ধারণাকে ছাপিয়ে গেছে। সোমবার প্রকাশিত এই প্রতিবেদন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, ইউক্রেনে নিজের কৌশলগত লক্ষ্য হাসিল করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নজিরবিহীন প্রাণহানির বোঝা বইতেও দ্বিধা করছেন না।
রাশিয়ার নির্বাসিত দুই স্বাধীন সংবাদমাধ্যম ‘মেদুজা’ এবং ‘মিডিয়াজোনা’ যৌথভাবে এই হিসাব দাঁড় করিয়েছে। বিশ্লেষণে রুশ রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের কিছু গোপন ও নতুন পাওয়া উপাত্ত কাজে লাগানো হয়েছে। ইউক্রেনপন্থি দুটি হ্যাকার গোষ্ঠী—‘সাইবার পার্টিজানস অব বেলারুশ’ ও ‘সাইলেন্ট ক্রো’ রাশিয়ার সরকারি সার্ভার থেকে এসব তথ্য হাতিয়ে নেয় এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে তা বিভিন্ন সংবাদমাধ্যমের হাতে তুলে দেয়।
তথ্য গোপনের কৌশল ও দীর্ঘায়িত যুদ্ধ :
নতুন পরিসংখ্যান বলছে, যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর মৃত্যুর সংখ্যা আগের যেকোনো প্রাক্কলনের চেয়ে অনেক বেশি। ক্রেমলিন দীর্ঘদিন ধরেই যুদ্ধে নিহত সেনাদের প্রকৃত সংখ্যা আড়াল করে রেখেছে, যার ফলে সম্মুখসারিতে ঠিক কতজন রুশ সৈন্য মারা গেছেন, সে বিষয়ে সাধারণ নাগরিকদের ধারণা খুবই সীমিত। প্রায় পাঁচ বছর ধরে ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছেন পুতিন এবং শিগগিরই এই সংঘাত থামার কোনো আভাস মিলছে না। কঠোর দমন-পীড়ন, গণমাধ্যমের কণ্ঠরোধ ও রাষ্ট্রীয় প্রচারণার মাধ্যমে তিনি দেশে যুদ্ধবিরোধী তথ্য নিয়ন্ত্রণে রেখেছেন; পাশাপাশি যুদ্ধের চড়া মানবিক ও অর্থনৈতিক মাশুল নিয়ে তৈরি হওয়া জনরোষও দমিয়ে রাখছেন।
যেভাবে তৈরি হলো এই পরিসংখ্যান :
দীর্ঘদিন ধরেই যুদ্ধে নিহত রুশ সেনাদের হিসাব কষছে মেদুজা ও মিডিয়াজোনা। এতদিন তারা মূলত উত্তরাধিকারসংক্রান্ত আইনি নথি ও শোকবার্তা বা মৃত্যুসংবাদ ঘেঁটে এই তালিকা তৈরি করত। তবে হ্যাকারদের সরবরাহ করা উপাত্ত তাদের গবেষণায় নতুন মাত্রা যোগ করেছে। এর মধ্যে রাশিয়ার নাগরিক নিবন্ধনব্যবস্থা এবং সরকারি তথ্য বিনিময় ব্যবস্থার উপাত্ত রয়েছে, যেখান থেকে পরিচয় গোপন রাখা তথ্য জাতীয় পরিসংখ্যান তৈরির জন্য রসস্ট্যাটে পাঠানো হয়।
ওই তথ্য যাচাই করে সংবাদমাধ্যম দুটি দেখেছে, সেপ্টেম্বর মাস পর্যন্ত রাশিয়ার সরকারি নথিতে অন্তত ৪ লাখ ৯০ হাজার সেনার মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। তবে রুশ প্রশাসনিক ব্যবস্থায় মৃত্যুর তথ্য নথিভুক্ত হতে বেশ সময় লাগে; ফলে এই তালিকায় ২০২৬ সালে নিহত অধিকাংশ সেনার নাম ওঠেনি এবং ২০২৫ সালে প্রাণ হারানো অনেকের তথ্যও বাদ পড়েছে।
এই ঘাটতি পূরণে মেদুজা ও মিডিয়াজোনা বৈজ্ঞানিক পূর্বাভাস পদ্ধতি ব্যবহার করেছে। তথ্য হালনাগাদ হলে এবং নিখোঁজ হিসেবে নথিভুক্ত কিন্তু সম্ভবত নিহত সেনাদের সংখ্যা যুক্ত করলে মোট প্রাণহানি ৭ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে তারা অনুমান করেছে—যা চলতি বছরের শুরুর দিকের হিসাবের চেয়ে অনেক বেশি। অবশ্য যুদ্ধে ঠিক কতজন রুশ সেনা আহত হয়েছেন, তা এই প্রতিবেদনে নিরূপণ করা হয়নি।
স্বাধীনভাবে এই তথ্য ও বিশ্লেষণ যাচাই করতে পারেনি ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’। যুদ্ধ চলাকালীন প্রকৃত হতাহতের সংখ্যা নির্ধারণ করা বরাবরই দুরূহ; এমনকি যুদ্ধ শেষ হওয়ার বহু বছর পরও প্রকৃত প্রাণহানি নিয়ে ইতিহাসবিদদের মধ্যে ভিন্নমত দেখা যায়।
নতুন সেনা ভিড়িয়ে টিকে থাকার লড়াই :
আন্তর্জাতিক নীতিবিষয়ক গবেষণা সংস্থা কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের জ্যেষ্ঠ গবেষক মাইকেল কফম্যান মনে করেন, রাশিয়া যতজন নতুন সেনা দলে ভেড়াচ্ছে, যুদ্ধে হারাচ্ছে তার চেয়েও বেশি। তবু ২০২৬ সালে প্রায় ৪ লাখ ৯ হাজার সেনা নিয়োগের লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে গেছে মস্কো।
নতুন রিক্রুট টানতে রুশ প্রশাসন এখনো মোটা অঙ্কের আর্থিক সুবিধা দিচ্ছে। কফম্যানের বিশ্লেষণ অনুযায়ী, এই হারে সেনা সংগ্রহের কারণে প্রাণহানি সামাল দিয়ে লড়াই চালিয়ে যাওয়া সম্ভব হলেও যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান সুসংহত করার সুযোগ খুব কম। তার আশঙ্কা, একপর্যায়ে আক্রমণাত্মক অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় পদাতিক সেনার ঘাটতিতে পড়তে পারে রুশ বাহিনী। সেনা ব্যবহারের বিদ্যমান রণকৌশল না বদলালে যুদ্ধ থেকে অর্জিত সুফল ক্রমেই সংকুচিত হবে এবং চলমান অবস্থায় বড় কোনো অগ্রগতির সম্ভাবনা ক্ষীণ বলে মন্তব্য করেছেন তিনি।
ইউক্রেনের ক্ষয়ক্ষতির অস্পষ্ট চিত্র :
অন্যদিকে, যুদ্ধে ইউক্রেনের কতজন সেনা প্রাণ হারিয়েছেন, সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি রয়েছে। তবে সামরিক বিশ্লেষকদের বড় অংশের ধারণা, ইউক্রেনের তুলনায় রাশিয়ার প্রাণহানি অনেক বেশি। সাধারণত আক্রমণকারী বাহিনীর ক্ষয়ক্ষতি প্রতিপক্ষের চেয়ে বেশি হয়ে থাকে; এ ছাড়া রাশিয়ার অনুসৃত কিছু যুদ্ধকৌশলও তাদের সেনাদের মৃত্যুহার বাড়িয়ে তুলেছে।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) প্রাক্কলন অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে গত জুন পর্যন্ত ইউক্রেনের ১ লাখ ৫০ হাজার যোদ্ধা নিহত হয়েছেন। অপরদিকে, ইউক্রেনের নিহত ও নিখোঁজ সেনাদের তথ্য সংগ্রাহক দুটি ওয়েবসাইট—‘লস্টআর্মর ডট ইনফো’ এবং ‘ইউএএললসেস ডট অর্গ’-এর হিসাবে নিহত ও নিখোঁজ সেনার সংখ্যা ২ লাখেরও বেশি। তবে এসব প্ল্যাটফর্মের তথ্যের স্বচ্ছতা সীমিত হওয়ায় ইউক্রেনের প্রকৃত ক্ষয়ক্ষতির সংখ্যা নিয়েও সংশয় রয়ে গেছে।
সান নিউজ / রাজীব