মানিকগঞ্জের সাটুরিয়ায় চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে শীলতাহানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ শাহ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ২২ নভেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
ঘটনাটি ঘটেছে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ২নং বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
অভিযুক্ত শিক্ষক মুহাম্মদ শাহ আলম (৪০) দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ছনকা এলাকার মৃত সামছুল আলমের ছেলে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের লিখিত প্রতিবেদন ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সকালে চতুর্থ শ্রেণীর ছাত্রী রুপা আক্তার বিদ্যালয়ে গেলে একা পেয়ে শিক্ষক মুহাম্মদ শাহ আলম তার হাত ধরে টেনে নিয়ে নানা প্রলোভন দেখান এবং বিদ্যালয়ের পুরাতন ভবনের নির্জন কক্ষে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন। একপর্যায়ে ছাত্রীটি বিষয়টি সবাইকে বলে দেবে জানালে তিনি তাকে ছেড়ে দেন এবং কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, এর আগেও তিনি এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করেছিলেন এবং বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রী তার আচরণকে আপত্তিকর বলে জানিয়েছে।
ঘটনাটি প্রথমে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোজিনা আক্তার ও কবিতা রাণি সূত্রধরকে জানালে তারা বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অবহিত করেন। এরপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল রানা ছাত্রী ও অন্যান্যদের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক সত্যতা পান এবং গত ১১ নভেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিতভাবে বিষয়টি জানান।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মুহাম্মদ শাহ আলমের সাথে কথা বললে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তাকে ফাঁসানোর জন্য পাঁয়তারা করা হচ্ছে।
অন্যদিকে, ভুক্তভোগী শিশুটির বাবা মো. রজ্জব আলী এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের জারি করা অফিস আদেশ সূত্রে জানা যায়, সাটুরিয়ার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ শাহ আলমের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রী রুপা আক্তারের শীলতাহানির বিষয়টি প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে।
শিক্ষকের এমন কর্মকাণ্ড ঘৃণ্য ও অসদাচরণের শামিল হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২-এর ১নং দফা অনুযায়ী অভিযুক্ত শিক্ষককে ২২ নভেম্বর থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।
সাননিউজ/বান্না