শিক্ষকদের পাঠদান ও পড়াশোনার পাশাপাশি গবেষণায়ও পর্যাপ্ত সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, একজন শিক্ষকের দায়িত্ব সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসের কাজে সীমাবদ্ধ নয়। শিক্ষকদের অন্তত ২৫ শতাংশ সময় গবেষণায় ব্যয় করা উচিত। এর মাধ্যমে পাঠদানের উৎকর্ষের পাশাপাশি গবেষণাতেও সাফল্য অর্জন সম্ভব।
সোমবার রুয়েটের নবনিযুক্ত ৪৭ জন প্রভাষকের সপ্তাহব্যাপী ফাউন্ডেশন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সম্মেলনকক্ষে প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) এ প্রশিক্ষণের আয়োজন করে।
উপাচার্য বলেন, শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করতে হবে। যারা প্রশ্ন করা বন্ধ করে দেয়, তাদের চিন্তা ও সৃজনশীলতার বিকাশ বাধাগ্রস্ত হয়। শিক্ষার্থীদের দক্ষ ও সৃজনশীল স্নাতক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। কর্মক্ষেত্রের উপযোগী করে তাঁদের তৈরি করতে হবে। এ জন্য শিক্ষার্থীদের ভেতরের সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে শিক্ষক ও জাতির প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক গুরুত্বপূর্ণ। এ জন্য পাঠদান ও শেখার প্রক্রিয়া কার্যকর করতে হবে। শিক্ষক হওয়ার পর নিজের আচরণ ও কথাবার্তার ধরনও পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করতে হবে। এ ধরনের প্রশিক্ষণ নবনিযুক্ত শিক্ষকদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আল-আমিন-আল-আজাদউল ইসলাম।
সাননিউজ/বান্না