সারাদেশ

কুলাউড়া সীমান্তে থামছে না বিএসএফের গুলি,৩ বছরে নিহত ৭ বাংলাদেশি

তিমির বনিক, মৌলভীবাজার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি ক্রমেই বেড়ে চলেছে। অর্থের লোভে চোরাচালান চক্রের ফাঁদে পড়ে সীমান্ত এলাকায় গিয়ে প্রাণ হারাচ্ছেন তরুণ-যুবকরা। গত তিন বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে কুলাউড়া সীমান্তে অন্তত ৭ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া চোরাচালান সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় একটি চক্রের হাতে খুন হয়েছেন আরও এক যুবক।

উপজেলার কর্মধা, পৃথিমপাশা ও শরীফপুর ইউনিয়নের প্রায় ৩০টি গ্রাম সীমান্তসংলগ্ন হওয়ায় এসব এলাকায় চোরাচালানের ঝুঁকি বেশি। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ভারতীয় ও বাংলাদেশি চোরাকারবারিদের যোগসাজশে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, গরু, সিগারেটসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ করছে। এসব অবৈধ কর্মকাণ্ডে অর্থের প্রলোভন দেখিয়ে স্থানীয় তরুণদের ব্যবহার করছে চোরাচালান চক্র।

অনুসন্ধানে জানা যায়, ২০২৩ সালের ২ অক্টোবর শরীফপুরের লালারচক সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়ে মারা যায় কিশোর ফেরদৌস আহমদ (১৪)। ২০২৪ সালের ১৭ মার্চ পৃথিমপাশার শিকড়িয়া সীমান্তে গুলিতে নিহত হয় পারভেজ হোসেন সাদ্দাম (১৫)। একই বছরের ১ সেপ্টেম্বর লালারচক সীমান্তে ভারতে থাকা ভাইকে দেখতে যাওয়ার সময় বিএসএফের গুলিতে নিহত হয় স্বর্ণা রাণী দাস (১৬)।

২০২৫ সালের ৩১ মে শরীফপুরের দত্তগ্রাম সীমান্তে নিহত হন প্রদীপ বৈদ্য (২২)। একই বছরের ৪ ডিসেম্বর কর্মধা সীমান্তে কৃষিজমিতে কাজ করার সময় বিএসএফের গুলিতে প্রাণ হারান সুকিরাম উড়াং (২৫)। ২০২৬ সালের ১২ জুন দত্তগ্রাম সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হন মুজিবুর রহমান মুজিব (৩০)। সর্বশেষ ৮ আগস্ট পৃথিমপাশা সীমান্তের বিপরীতে ভারতের মাগুরুলি এলাকায় গুলিতে নিহত হন তারা মিয়া (১৯)।

এদিকে, ২০২৫ সালের ১ মার্চ শরীফপুরের নিশ্চিন্তপুর গ্রামে চোরাচালান সংক্রান্ত বিরোধের জেরে জাবেল মিয়া (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর বাবা রহমত আলী ১২ জনকে আসামি করে থানায় মামলা করেন।

বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়,সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকা ও বনাঞ্চলকে কাজে লাগিয়ে চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা চালিয়ে আসছে। বিজিবি নিয়মিত টহল ও অভিযান চালিয়ে চোরাচালানি পণ্য জব্দ এবং জড়িতদের আটক করলেও জামিনে মুক্ত হয়ে অনেকে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ছে। এতে চোরাচালান চক্রের মূল হোতারা আড়ালে থেকে যাচ্ছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, সীমান্তে চোরাচালান দীর্ঘদিনের সমস্যা। পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে মাদক ও চোরাচালানে জড়িতদের আটক করছে। সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এ ধরনের অপরাধ কমাতে সবাইকে সচেতন হতে হবে।

৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্তের নিরাপত্তা ও মানুষের জানমালের সুরক্ষা বিজিবির অন্যতম অগ্রাধিকার। অর্থের প্রলোভনে তরুণরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে জীবনের ঝুঁকি নিচ্ছে। এসব প্রাণহানি রোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, সীমান্ত হত্যা বা নির্যাতনের ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকসহ দ্বিপাক্ষিক যোগাযোগের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। চোরাচালানের গডফাদারদের আইনের আওতায় আনতে প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এ বিষয়ে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেন, সীমান্তে মানুষ হত্যা সম্পূর্ণ অমানবিক ও দুঃখজনক। এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। সীমান্তে শান্তি ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে, গুলি করে মানুষ হত্যা করে নয়।

তিনি বলেন, ইতোমধ্যে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং কবর জিয়ারত করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা প্রদানের চেষ্টা করেছেন। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন তিনি।

কুলাউড়া ভারতীয় সীমান্তে প্রাণহানি, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। সীমান্তে তরুণদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

র‌্যাপার থেকে প্রধানমন্ত্রী হওয়া বালেন শাহর নয়া কূটনীতি

এক ঝলকে বালেন শাহর নয়া কূটনীতি ও ভারত সফর

দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো ত...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা