নরসিংদীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার নরসিংদী পুলিশ লাইন্সে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। এ নিয়োগ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা স্বজনপ্রীতির সুযোগ নেই। নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
তিনি আরও বলেন, নিয়োগ কার্যক্রমের মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী প্রত্যেক পুলিশ সদস্যকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে, যাতে পুরো নিয়োগ প্রক্রিয়া সুশৃঙ্খল ও প্রশ্নমুক্তভাবে সম্পন্ন করা যায়।
এ সময় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সাননিউজ/বান্না