ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য সিরাজ মোল্লাকে আটকের পর পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সরকারি গাড়ি ভাঙচুর করা হয় এবং আহত হন ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় সিরাজ মোল্লাকে আটক করে পুলিশ। তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। এ সময় পুলিশের একটি সরকারি গাড়িও ভাঙচুর করা হয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে বিকেলে দপদপিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করে পুলিশ। আটক চারজনের পরিচয় পাওয়া গেছে। ছিনিয়ে নেওয়া সিরাজ মোল্লাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিয়েছে।
এদিকে ঘটনার পর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে নজরদারি বাড়িয়েছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
সাননিউজ/বান্না