সাভারে আবারো এক রাতে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় এসব ঘটনা ঘটে। আগুনে বাস দুটির আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১ টার দিকে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় স্যালভেশন আর্মি স্কুলের সামনে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এরপর ভোর ৪টার দিকে বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় টাটা সার্ভিসিং সেন্টারের সামনে পার্কিং করে রাখা ইতিহাস পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আরেকটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে যায়।
সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে বাস দুটিতে আগুন দেওয়া হয়ে থাকতে পারে।
তবে বাস দুটিতে অগ্নিসংযোগ করা হয়েছে, নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তরিকুল ইসলাম বলেন, সাভারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। একটি বাসে আগুন লাগার বিষয়টি পুলিশ নিশ্চিত হয়েছে, অপর ঘটনাটি তদন্তাধীন। গাড়ির যান্ত্রিক ত্রুটি কিংবা ভেতরে মশার কয়েল থেকে আগুন লাগার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনাগুলো নাশকতা, নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সড়কের পাশে যত্রতত্র বাস পার্ক করে রাখার সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। ঘটনাগুলো তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর আগের দিনও সাভারে একটি বাসে অগ্নিসংযোগসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একের পর এক বাসে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পরিবহনসংশ্লিষ্টসহ জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
সাননিউজ/বান্না